নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক যুবদল নেতার বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি শপিং ব্যাগে এসব সামগ্রী পাওয়া যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী মোবারক হোসেন বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি জানান, ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। সন্ধ্যায় বাড়ি থেকে স্বজনরা ফোনে ফটকের সামনে রহস্যজনক ব্যাগ পড়ে থাকার বিষয়টি জানালে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন এবং পুলিশ ও স্থানীয় দলীয় নেতাকর্মীদের অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে ব্যাগটি খুললে ভেতর থেকে সাদা কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট উদ্ধার করে।
মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য সরাসরি শাসানো হয়েছে। বিষয়টি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, ‘দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে। আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে আলামতগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
