সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর সেটির অবশিষ্টাংশের আঘাতে একটি স্কুল ও একটি চিকিৎসা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি সিভিল ডিফেন্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংস্থাটি জানায়, প্রক্ষেপকের খণ্ডাংশ অবকাঠামোতে পড়ে বস্তুগত ক্ষতি করার পর জরুরি সাড়াদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট করা হয়নি।
ইরান সমর্থিত হুথিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে তাদের আক্রমণ জোরদার করেছে। এর আগে বৃহস্পতিবার কোয়ালিশন টু রিস্টোর লেজিটিমেসি ইন ইয়েমেন জানায়, রিয়াদকে লক্ষ্য করে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশায়িতকে লক্ষ্য করে পাঠানো আরও একটি ক্ষেপণাস্ত্র তারা মাঝপথে ধ্বংস করেছে।
এর আগে বুধবার রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হওয়ার খবর জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি ইয়েমেনের লোহিত সাগর উপকূলে সরকার ও হুথি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হচ্ছে।
সূত্র: আরব নিউজ
