খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর থেকে প্রায় মাত্র ৩০০ মিটার দূরে।
পুলিশ জানায়, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। রাত আড়াইটার দিকে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো চাপাতি দিয়ে শাহ আলমের দুই হাতের কব্জির ওপর কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা পুলিশের টহল দলের সদস্যরা তাকে উদ্ধার করে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কব্জি গুরুতর জখম করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
