৩৮০ কোটির মাইলফলক স্পর্শ করল অজয় দেবগনের ‘দৃশ্যম ৩’

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৪১

মুক্তির প্রথম দিন থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে রাজত্ব করছে অজয় দেবগন অভিনীত বহুল আলোচিত ছবি ‘দৃশ্যম ৩’। টানটান উত্তেজনা ও রহস্যে ঘেরা এই সাসপেন্স থ্রিলারটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শক টানার ক্ষেত্রে অনন্য এক রেকর্ড সৃষ্টি করেছে। প্রথম শো থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় প্রমাণ করছে যে, সালগাঁওকর পরিবারের রহস্যের জাল দেখতে দর্শক কতটা উন্মুখ হয়ে ছিলেন।

বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগনের বুদ্ধিমত্তাপূর্ণ অভিনয় আর টানটান উত্তেজনার গল্প আবারও বুঁদ করে রেখেছে থ্রিলারপ্রেমীদের। প্রথম সাত দিনের মাথায় জানা গেল ছবিটির মোট ব্যবসার নতুন পরিসংখ্যান।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমাটিতে অজয় দেবগনের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা গেছে অভিনেতা জয়দীপ আহলাওয়াতকে। রুপালি পর্দায় দুই অভিনেতার অভিনয়ের দারুণ রসায়ন ও মনস্তাত্ত্বিক লড়াই সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার মন জয় করে নিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই রেকর্ড ৬২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শুভসূচনা করে ‘দৃশ্যম ৩’। মুক্তির পর থেকে টানা এক সপ্তাহ পার হলেও প্রেক্ষাগৃহে দর্শকদের সেই উপচে পড়া ভিড় কমেনি।

সপ্তম দিনে, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ ১৫,৭৫৮টি শো থেকে ১৩ কোটি রুপি সংগ্রহ করেছে। স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৪.৬০ কোটি রুপি এবং এখন পর্যন্ত মোট আয় হয়েছে ২৪৫.৫০ কোটি রুপি।

বিদেশে, ছবিটি সপ্তম দিনে ৪ কোটি রুপি সংগ্রহ করেছে, ফলে এখন পর্যন্ত এর মোট বৈদেশিক আয় দাঁড়িয়েছে ৮৯ কোটি রুপি। এর ফলে বিশ্বব্যাপী মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮৩.৬০ কোটি রুপি।

 
ইত্তেফাক/এসএইচ