রাজনীতিতে শুধু সরকারের সমালোচনা নয়, জনগণের সমস্যা সমাধানে কার্যকর বিকল্প প্রস্তাব দেওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনি বলেছেন, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের ভুলত্রুটি তুলে ধরা নয়, বরং জাতীয় সংকট মোকাবিলায় বাস্তবসম্মত সমাধানের পথ দেখানো। অভিযোগনির্ভর সমালোচনা কিংবা রাজপথে উত্তেজনা সৃষ্টি করে দেশের সমস্যার সমাধান হবে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির এই নেতা।
মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, একটি কার্যকর গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব দেওয়া এবং জাতীয় সংকট মোকাবিলায় কার্যকর সমাধানের পথ দেখানো তাদের দায়িত্ব। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ কোনো একক রাজনৈতিক দলের দায়িত্ব নয়; এটি সব রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার অধিকার বিরোধী দলের রয়েছে। তবে সেই বিরোধিতার সঙ্গে জনগণের সমস্যা সমাধানে কার্যকর বিকল্পও তুলে ধরা উচিত। শুধু সমালোচনা করে কিংবা রাজপথে উত্তেজনা সৃষ্টি করে দেশের সমস্যার সমাধান করা সম্ভব নয়।
বিএনপির এই নেতা আরও বলেন, রাজনীতি মানে শুধু সরকারের ভুল খুঁজে বেড়ানো নয়; রাজনীতি মানে সমস্যার সমাধান দেওয়া। জনগণ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিদিনের সংঘাত, পাল্টাপাল্টি অভিযোগ কিংবা ক্ষমতার লড়াই দেখতে চায় না। তারা চায় নিরাপত্তা, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের স্বস্তি এবং উন্নত জীবন।
তিনি বলেন, জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সুযোগ রয়েছে। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
মীর নেওয়াজ আলী নেওয়াজের ভাষ্য, সরকারকে জবাবদিহির আওতায় রাখা যেমন জরুরি, তেমনি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা পালন করা অপরিহার্য। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে জনগণের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার মধ্য দিয়েই গণতান্ত্রিক রাজনীতির ইতিবাচক চর্চা নিশ্চিত করা সম্ভব।
