ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২০:৩৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন, কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানচালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)।

এছাড়াও দুর্ঘটনায় আহত হন মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের তিন কনস্টেবল ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেন। সদর, বিজয়নগর উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরকে সংযোগ করা সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে পুলিশের গাড়িটি জেলা শহরের দিকে যাচ্ছিল। বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে পুলিশের তিন সদস্য ও দুই আসামি আহত হন।

স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে সবাইকে উদ্ধার করে‌। খবর পেয়ে বিজয়নগর থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, পুলিশের তিন সদস্য ও দুইজন আসামি হাসপাতালের সার্জারি ও মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন‌। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 

ইত্তেফাক/এপি