শাকিব খান ও তানজিয়া জামান মিথিলাকে বিমানে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। তাদের একসঙ্গে ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়, কোনো বিশেষ কাজে কি একসঙ্গে দেশের বাইরে যাচ্ছেন তারা?
মিথিলার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নতুন সিনেমার শুটিং নয়, নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই দুই তারকা। ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেও গেছেন তারা।
ফেসবুকে বিমানে তোলা ছবির সঙ্গে ওই অনুষ্ঠানের অফিশিয়াল পোস্টারও প্রকাশ করেছেন মিথিলা।
ছবিগুলোর ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’
প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিল ‘আগুন’ এবং মিথিলা অভিনয় করেছিলেন ‘এলিনা’ চরিত্রে। সেই সিনেমার চরিত্র দুটির নাম উল্লেখ করেই একসঙ্গেই দুই তারকা নিউইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিকের আয়োজনে জমকালো এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।
