পর্তুগালের ক্যাম্প ছাড়ার পর মাকে ফোন করেন রোনালদো 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২১:৫০

পর্তুগাল জাতীয় দলকে ঘিরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক বিতর্কে এবার মুখ খুলেছেন তার মা মারিয়া দোলোরেস। ছেলের এমন বিদায়ে কষ্ট পেয়েছেন তিনি। মা মারিয়ার মতে, রোনালদোর বিদায়টা হতে পারত আরও সম্মানজনকভাবে।

গত সপ্তাহে কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে ডেনমার্কে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। ঘটনাটি ঘিরে ফুটবল অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়, যার রেশ গড়ায় রাজনীতির অঙ্গনেও।

পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ বিবৃতি দেন রোনালদো। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরার পাশাপাশি কোচ জেসুসেরও সমালোচনা করেন তিনি।

এ দিকে পর্তুগিজ সাময়িকী টিভি ৭ ডিয়াস-কে দেওয়া সাক্ষাৎকারে ৭১ বছর বয়সী রোনালদোর মা মারিয়া দোলোরেস বলেন, ‘আমার মন খারাপ, আর এটাই স্বাভাবিক। বিষয়টায় আমি বেশ ধাক্কা পেয়েছি। আমার ছেলে তো রাজকীয়ভাবে (বড় দরজা দিয়ে) বিদায় নিতে পারতো, অথচ তাকে পেছনের পথ (ছোট দরজা) দিয়ে বিদায় নিতে হলো। তবে এসব নিয়ে ভেবে লাভ নেই, যা করার উপরওয়ালাই করবেন।’

পুরো ঘটনা বেশ কষ্ট পেয়েছেন রোনালদোর মা। তিনি বলেন, ‘একটু কেঁদেও ফেলেছি। কান্না করলে মনটা হালকা হয়। এখন আমাদের এই কঠিন সময়টা পার করতে হবে।’ 

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসার পর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন রোনালদো। ছেলের মুখে তখন আশ্বস্ত করার সুর ছিল। কী কথা হয়েছিল তাদের মধ্যে, তা জানিয়েছেন মারিয়া দোলোরেস বলেন, ‘ও আমাকে বললো, “মা, একদম চিন্তা কোরো না। আমরা সবাই যখন মিলিত হবো, তখন আমি সত্যিটা খুলে বলবো।” আমি তখন উত্তর দিলাম, ঠিক আছে আমার বাবা, পরিস্থিতিটা আবারও নিজের পক্ষে ঘুরিয়ে নাও।’ 

এরপর রোনালদোকে শান্ত থাকার পরামর্শ দেন তার মা। মারিয়া বলেন,  ‘ব্যস, এতটুকুই। আমি ওকে শান্ত থাকতে বলেছিলাম, কিন্তু ওর মেজাজ যা করানোর করিয়েই ছাড়লো। দেখা যাক কী হয়। আমি ওকে সব ধরনের সমর্থন দিয়েছি, যদিও তাতে খুব একটা কাজ হয়নি। তবে তাতে কিছু যায়-আসে না। সে পর্তুগালকে এত কিছু দিয়েছে, সে কারণেই সে সব সময় সবার হৃদয়ে থাকবে। সে সব সময়ই পর্তুগালের নায়ক ছিল।’

ইত্তেফাক/জেডএইচ