হকিতে বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩:২০

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালে। এরপর আর এই টুর্নামেন্টে খেলা হয়নি বাংলাদেশের। দুই দুটি আসর হয়ে গেছে। আবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ এসেছে। পাকিস্তান এই টুর্নামেন্ট হতে নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের জন্য দুয়ার খুলেছে। 

পাকিস্তান খেলতে যাবে না সেটি এশিয়ান গেমস চলাকালীনই আলোচনা হয়ে গিয়েছিল। বাংলাদেশ সেই সুযোগটা জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের গিফুতে বসেই চূড়ান্ত করে রেখেছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। পাকিস্তান নাম প্রত্যাহার করলে সেখানে বাংলাদেশ খেলতে পারবে। সেটাই আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে। 

আরিফুল হক প্রিন্স এশিয়ান জাপানের আইচিতে বসে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত করেছেন। এই টুর্নামেন্টে অন্যান্য যেসব দেশ খেলবে তারা নিজেদের অর্থ খরচ করবে। বাংলাদেশ একটা সুবিধা পাবে, ভারতের জলন্ধরের যেখানে টুর্নামেন্ট হবে সেখানে আবাসন এবং ট্রান্সপোর্ট সুবিধা পাবে। তৈয়ব ইকরাম বাংলাদেশের হকির খুব ভালো বন্ধু, তিনি সব সময় বাংলাদেশের হকির উন্নয়নে সহযোগিতা করতে চেষ্টা করেন।

এশিয়ান চ্যাম্পিয়ন হকি টুর্নামেন্ট স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান কোরিয়া, চীন এবং বাংলাদেশ খেলবে। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত খেলা। এশিয়ান গেমসের পর এটাই হবে বড় টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে তিনটা খেলা হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে। ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর কোরিয়া এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টের খেলা হবে লিগ পদ্ধতিতে। সব খেলা জলন্ধরে হলেও সেমিফাইনাল ও ফাইনাল হবে মোহালীতে।

বাংলাদেশ হকি দল মাত্রই এশিয়ান গেমস শেষ করে দেশে ফিরেছে। এর মধ্যেই ভারতের টুর্নামেন্টে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে হকি ফেডারেশনও তৎপরতা শুরু করে দিয়েছে। আজকালের মধ্যেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ডাকা হবে। হাতে সময় কম। ২৭ অক্টোবর টুর্নামেন্ট শুরু হলে মাত্র ১৭ দিন। হকি ফেডারেশন চাইছে এক সপ্তাহ আগে ভারতে যাবে। সেখানে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান অয়েল এবং এয়ার ইন্ডিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়া। হকি ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন ভারতীয় হকি দলও বাংলাদেশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছে। কিন্তু আমরা এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।

এশিয়ান গেমসের পরে খেলোয়াড়রা বাড়ি চলে গেছেন। গেমস হকিতে যারা খেলেছেন তাদেরকে ক্যাম্পে ডাকা হবে। সঙ্গে কিছু তরুণ খেলোয়াড়ও দলে ডাক পাবেন। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি কঠিন একটি টুর্নামেন্ট, এখানে অভিজ্ঞ খেলোয়াড়রা গুরুত্ব পাবেন। ভারত হচ্ছে বর্তমান এশিয়ান গেমস স্বর্ণ পদক পাওয়া দল। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলবে এশিয়ান গেমসের রানার্সআপ হলো মালয়েশিয়া। শক্তিশালী চীন।

এশিয়ান গেমসের জন্য জার্মানি কোচ গেহার্ড পিটারকে কোচিংয়ে দায়িত্ব দিয়েছিল হকি ফেডারেশন। ভারতের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টেও পিটারকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন আরিফুল হক প্রিন্স। তিনি জানান 'এই মুহূর্তে অন্য কোনো কোচ নিয়ে ঝুঁকি নিতে চাইছি না। এত বড় টুর্নামেন্টে বিদেশি কোচ দরকার আছে। পিটারকে রাখাই ভালো মনে করছি আমরা। কারণ অন্য কোনো বিদেশি কোচ আনতে গেলে খেলোয়াড়দেরকে চিনতে বুঝতে গিয়ে সময় শেষ হয়ে যাবে। পিটারই আমার কাছে ভালো মনে হচ্ছে। দেখা যাক ফেডারেশনের আরও কর্মকর্তা রয়েছেন তারাও বুঝবেন কোনটা হলে ভালো হবে।'

এবার জাপানে ২০তম এশিয়ান গেমস হকিতে তিন ম্যাচ জিতেছে। থাইল্যান্ড (৩-০), ইন্দোনেশিয়া (৩-১), শ্রীলঙ্কাকে (৫-১) হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া (৫-০), জাপান (৬-১), চীনের (৭-১), ভারতের (১০-০) কাছে হেরেছে বাংলাদেশ। ২০২১ সালে, ৪ ম্যাচ খেলে ৪টিতেই হেরেছিল বাংলাদেশ। ১৯ গোল হজম করে। সেবার ঢাকার টুর্নামেন্ট হতে মালয়েশিয়া নাম প্রত্যাহার করে নিয়েছিল।

ইত্তেফাক/জেডএইচ