যন্তর মন্তরে যাওয়ার পথে গুম মহাত্মা গান্ধীর প্রপৌত্র

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

দিল্লির যন্তর মন্তরে ককোরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভের সমর্থনে মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত কর্মসূচিতে যাওয়ার পথে মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং ‘হাম ভারত কে লগ’ সংগঠনের সভাপতি তুষার গান্ধীকে সহযোগীসহ আটক করেছে মুম্বাই পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, তুষার গান্ধীকে বান্দ্রা এলাকা থেকে আটক করে ডি এন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তুষার গান্ধী তাকে গুম করার দাবি করলেও পুলিশ গ্রেপ্তার করার কথা অস্বীকার করে কেবল আটক করার বিষয় নিশ্চিত করেছে। সংগঠনের সহ-সভাপতি গুড্ডি এস এলকেও আন্ধেরি এলাকা থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যায় মুম্বাই পুলিশ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজিপির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মুম্বাইবাসীদের ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্থান অগাস্ট ক্রান্তি ময়দানে বিকাল সাড়ে ৩টায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন তুষার গান্ধী। তবে গামদেবী পুলিশ জানায়, এই কর্মসূচির কোনো অনুমতি নেওয়া হয়নি এবং ক্ষেত্রটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এসআই) অধীন হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে তারা অনুমতি দিতে অক্ষম।

সংগঠনের সহ-সভাপতি গুড্ডি জানান, আবেদনের ইমেইল করলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং পূর্বে তুষার গান্ধীকে আন্দোলন থেকে বিরত থাকতে ও অবস্থান জানাতে বলেছিল পুলিশ। দিল্লির কর্মসূচিতে যোগ দেওয়া রোধ করতে মহারাষ্ট্র জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং শুক্রবার মুম্বাই থেকেই ২০০ জনের বেশি মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ইত্তেফাক/টিএইচ