কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩:৩৮

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে বাংলাদেশের সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাংলাদেশি কৃষক সাহাজুল ইসলাম (৩৫) নিজের জমিতে কৃষিকাজ করার সময় বিএসএফের ছোড়া গুলিতে পায়ে আহত হন। তিনি জামালপুর গ্রামের সাবাজ মণ্ডলের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। এদিকে পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়। একই সঙ্গে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে বিজিবি।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার ৪৭ বিজিবির কর্নেল ইখতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এসএ