শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী আখ্যা নেতানিয়াহুর

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৭

গাজায় ইসরাইল ‘গণহত্যা’ চালাচ্ছে এমন মন্তব্য করায় শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করে। 

নেতানিয়াহুর দপ্তরের পোস্টে বলা হয়, নোবেল পুরস্কার কমিটি তাদের নৈতিক বিচারবোধ হারিয়েছে। তারা এমন এক বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, যিনি একমাত্র ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা ও ঘৃণ্য অপবাদ তৈরি ও প্রচার করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পিল্লাই ‘ইহুদিদের দানব হিসেবে চিত্রিত করার’ প্রবণতাকে উসকে দিয়েছেন।

নাভি পিল্লাই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন। এই কমিশন জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করে না। তবে গত বছর তাদের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে।

 
ইত্তেফাক/এবিএস