সাংবাদিকদের ওপর হামলা: রাবিতে বিশেষ সিন্ডিকেট বসছে ১৫ অক্টোবর

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২৩:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অধিকতর তদন্ত এবং আরও তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫০তম সভায়।

শনিবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এইচ এম আসলাম হোসেন। তিনি বলেন, আজই সিন্ডিকেট সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে। এতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার তদন্ত কমিটির সুপারিশসহ পূর্বনির্ধারিত সব এজেন্ডা উত্থাপন করা হবে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। এতে শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও একটি হল সংসদের জিএসের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হয়। পাশাপাশি আরও চারজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়।

তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছে, সব ধরনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আহসান হাবীব (সহসভাপতি, রাবি ছাত্রদল), বিশাল চক্রবর্তী (রাবি ছাত্রদল কর্মী), হাসিবুল হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক, রাবি ছাত্রদল) এবং আরিফুল ইসলাম (জিএস, জিয়া হল সংসদ)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করা হলো।

এতে রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এছাড়াও শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি।

প্রসঙ্গত, গত রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ইত্তেফাক/এমএসআর