মুম্বাইতে বিক্ষোভে গিয়ে আটক ইমরান খান, মুক্তির পর ফের বিপত্তি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:০০

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে সংহতি জানিয়ে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। তার সঙ্গে তার প্রেমিকা ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জয়ন মেরি খানকেও আটক করে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। পরবর্তীতে পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলেও বাড়ি ফেরার ক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হতে হয় তাদের।

আটক হওয়ার পর এবং মুক্তির মুহূর্তের নানা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন লেখা ওয়াশিংটন ও জয়ন মেরি খান। পুলিশ ভ্যানের ভেতর থেকে তোলা একটি ছবি শেয়ার করে জয়ন ক্যাপশনে লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’। আরেকটি ভিডিওতে জয়নকে ইমরানের কাছে কৌতুকচ্ছলে জানতে চাইতে দেখা যায়, তিনি অতীতে কখনো জেলে গেছেন কি না; জবাবে হেসে অভিনেতা ইঙ্গিত দেন যে বর্তমান পরিস্থিতিতে হয়তো সেই অভিজ্ঞতাও হয়ে যেতে পারে।

এদিকে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে অভিনেত্রী লেখা ওয়াশিংটন ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, পুলিশ তাদের বাড়ি ফিরতে দিচ্ছিল না এবং কোনো ট্যাক্সি বা ব্যক্তিগত যানবাহনও নিতে দেওয়া হচ্ছিল না। ফলে দীর্ঘ পথ তাদের পায়ে হেঁটেই এগোতে হয়। তবে পরবর্তী আরেকটি বার্তায় তিনি নিশ্চিত করেন যে তারা সবাই নিরাপদে আছেন এবং নির্বিঘ্নে বাড়ির পথে রয়েছেন।

আটক হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভে শামিল হওয়ার কারণ ব্যাখ্যা করেন ইমরান খান। তিনি স্পষ্ট জানান, কোনো নির্দিষ্ট দাবি আদায়ে কিংবা কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে তিনি সেখানে আসেননি; বরং মুম্বাইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই তার এই উপস্থিতি।

ইমরান বলেন, ‘নাগরিকদের অবাধ চলাচলের স্বাধীনতা কেন এভাবে খর্ব করা হচ্ছে এবং কেন মানুষের প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তা ব্যক্তিগতভাবে দেখতে ও বুঝতে এসেছি।’ কোনো সংগঠনের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে তিনি উল্লেখ করেন, একজন সচেতন প্রতিনিধি হিসেবে তিনি মানুষের মতপ্রকাশের অধিকারের পাশে দাঁড়িয়েছেন।

মুম্বাই পুলিশের তথ্যমতে, শনিবার আগস্ট ক্রান্তি ময়দান থেকে ৪ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তরুণ নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত ওই কর্মসূচির কোনো দাপ্তরিক অনুমতি ছিল না বলে দাবি করেছে পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের বিক্ষোভ শুধুমাত্র আজাদ ময়দানে করার বিধান থাকায় আগস্ট ক্রান্তি ময়দানে কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া সম্ভব ছিল না।

অন্যদিকে আন্দোলনকারী সিজেপি কর্মীদের দাবি, কর্মসূচির বিষয়ে নিয়মমাফিক ইমেলের মাধ্যমে মুম্বাই পুলিশের কাছে লিখিত অনুমতি চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

ইত্তেফাক/এনএন