ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলারও কঠোর সমালোচনা করেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর এক দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে একটি চুক্তির ঘোষণা দেন তিনি। ওই চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন জেলেনস্কি।
ট্রাম্প বলেন, আমি মনে করি, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, জেলেনস্কি আমাদের কৃষক ও খামারিদের জন্য ডিজেল নিয়ে সমস্যা তৈরি করতে চায়। কারণ রাশিয়া সারা বিশ্বে ডিজেলের বড় একটি অংশ সরবরাহ করে।
ট্রাম্প আরও বলেন, আমি তাকে বলেছিলাম, তুমি যা চাও করো। শোধনাগারে হামলা করো না। হামলার জন্য অনেক লক্ষ্যবস্তু আছে। শোধনাগারে হামলা করো না। কিন্তু সে গিয়ে হামলা করেছে। তাকে অবশ্যই এটা বন্ধ করতে হবে।
জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, আমি এমন একজন নতুন নেতার পরামর্শ দিচ্ছি, যিনি একটি চুক্তি করতে পারবেন। কারণ সে অনেক চুক্তি করতে পারত, কিন্তু কোনো কারণে সে তা কখনো করে না।
