সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে।
শেহবাজ শরিফ বলেন, এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।
সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সৌদি আরব, দেশটির নেতৃত্ব ও জনগণের প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ রয়েছে।
শেহবাজ আরও বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার অব্যাহত থাকবে।
