মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিচার শুরু হবে কি না, আদেশ আজ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার ২৬ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন আটজন। তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।

সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ বাকি ১৮ আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. তোহিদুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার সুমন কর, উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বিএম ফরমান আলী, উত্তরা পূর্ব থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশনস) মাহমুদুল হাসান ও একই থানার সাবেক কনস্টেবল মো. আবু ছায়েম।

পলাতক অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন আল সোহেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মো. ফরিদ আহমেদ, ডিএম. শামীম, মো. আনিছুর রহমান নাঈম ও মো. আফছার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সাবেক উপপরিদর্শক (এসআই) খালেদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রোকনুজ্জামান, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহসভাপতি মুরতাফা বিন ওমর এবং তুরাগ থানা আওয়ামী লীগের যুবলীগ নেতা জাকির হোসেন।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে ১১ অক্টোবর নির্ধারণ করা হয়। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে মামলাটির বিচারকাজ শুরু হবে।

এর আগে গত ২০ আগস্ট ট্রাইব্যুনাল-১-এর এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। পরে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। এরপর দুই পক্ষের পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এএইচপি