ইরানের বিরুদ্ধে অভিযানে নেমে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ২১

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের ২১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পেন্টাগনের প্রতিরক্ষা হতাহতের তথ্যব্যবস্থা ডিসিএএসের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। আগের হিসাবের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।

পেন্টাগনের হিসাবের মধ্যে যুদ্ধের সময় নিহত সেনাসদস্যদের পাশাপাশি ইরানবিরোধী অভিযানের সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরাও রয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মোট হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, ৭ জুলাইয়ের পর ঘটে যাওয়া কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় প্রকাশিত হিসাবের বাইরে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। ফলে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মোট নিহত ও আহতের সংখ্যা নির্ধারণ জটিল হয়ে পড়েছে।

এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের হিসাবে, ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনাসদস্য নিহত এবং ৮২০ জন আহত হয়েছিলেন। সে সময় মোট সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮।

সূত্র: শাফাক নিউজ

 
ইত্তেফাক/এসজেএস