রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৪৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে দেশটির এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এর মধ্যে ২ বাংলাদেশিও রয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই শনিবার বিকেলে রিয়াদ বিমানবন্দরে এই হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ও আহতদের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো বিমানবন্দর এলাকার অবকাঠামোগত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

হামলার পরপরই বিমানবন্দরে বিশৃঙ্খলা এড়াতে ট্রাভেল অ্যাডভাইজরি বা সতর্কবার্তা জারি করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগেই নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, রিয়াদ বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে যেসব সৌদি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছেন বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না, তাদের সহায়তায় এগিয়ে এসেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিজ নিজ দেশে থাকা সৌদি দূতাবাস ও কনস্যুলেটে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারও রিয়াদের এই বিমানবন্দরে দুটি ভয়াবহ হামলা চালানো হয়। এতে তিন সৌদি নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হন। তার মাত্র দুই দিনের মাথায় আবারও একই স্থানে হামলায় মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ ও সামগ্রিক নিরাপত্তায় নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

 
ইত্তেফাক/এসএইচ