নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৪:৪৩

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তবে নিষেধাজ্ঞা কত দিনের বা কত ম্যাচের, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করছে।

এরই মাঝে পাওয়া গেল ভিন্ন বার্তাও। রোনালদোকে নভেম্বরেই জাতীয় দলে পেতে চান বলে জানিয়েছেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রোয়েন্সা। 

শনিবার (১০ অক্টোবর) এএফ পোর্তোর নতুন মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রোয়েন্সা বলেন, ‘আমরা সবাই অধিনায়ককে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিয়ম অনুযায়ী শৃঙ্খলাসংক্রান্ত প্রক্রিয়া চলবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো স্বাধীনভাবে পরিস্থিতি মূল্যায়ন করবে।’

পর্তুগিজ সংবাদমাধ্যম দিয়ারিও দে নোতিসিয়াসের প্রতিবেদনে প্রোয়েন্সাকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দ্রুত অধিনায়ককে দলে ফিরে পেতে চাওয়া—জাতীয় দলের কোচও যা জানিয়েছেন। আমরা সবাই, কোনো ব্যতিক্রম ছাড়াই, নভেম্বরে আবার একসঙ্গে হতে চাই।’

উয়েফা নেশনস লিগের ম্যাচে নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চে থাকার পর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন ৪১ বছর বয়সী রোনালদো। কোচ হোর্হে জেসুস তাকে একাদশে রাখা হবে না জানালে অসন্তোষ তৈরি হয়। 

পরে রোনালদো জানান, কোচ হোর্হে জেসুস তাকে দেওয়া দুটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। অবশ্য পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় নিজের শাস্তিও প্রাপ্য বলে মেনে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

ইত্তেফাক/জেডএইচ