মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের বাধায় দুটি চেষ্টাই ব্যর্থ হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি জানায়, ভোরে গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২ পুরুষ ও ২ নারীসহ ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
পরে সকাল ৮টার দিকে বিজিবি সীমান্তে অবস্থান জোরদার করলে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প তাদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিক, সকালে পৌনে ৮টার দিকে ঠোটারপাড়া বিওপির নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে বিএসএফ ৪ জনকে পুশ-ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।
বিজিবির তৎপরতায় সকাল ৮টার দিকে বিএসএফের সে চেষ্টা ব্যর্থ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
'বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়,' বলেন বিজিবি কর্মকর্তা রাশেদ কামাল রনি।
