‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের তীব্র সমালোচনা করেছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি। হাদিকে নিয়ে করা নুরের ‘হু ইজ হাদি?’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা উচিত হয়নি এবং ভবিষ্যতে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে প্রতিক্রিয়া জানান রফিকুল ইসলাম মাদানি। পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১৯-২০ সাল থেকেই নুরের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তারা একসঙ্গে মোদিবিরোধী আন্দোলনও করেছেন। অন্যদিকে শরীফ ওসমান হাদির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ না থাকলেও দেশের পক্ষে ও গণমানুষের অধিকার আদায়ে তার অবদানের কথা স্মরণ করেন তিনি।

মাদানি লেখেন, ব্যক্তিগত সম্পর্কের চেয়ে আদর্শ, দেশের মানুষের প্রতি টান এবং সত্যের পক্ষে থাকা তার কাছে সবসময় বড়। তাই নুরের সঙ্গে ব্যক্তিগত সখ্য থাকা সত্ত্বেও হাদির কবর নিয়ে এমন সমালোচনা তিনি মেনে নিতে পারেননি।

প্রতিমন্ত্রীর ‘হু ইজ হাদি?’ প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম মাদানি বলেন, হাদি হলেন জাতির ঘুমন্ত দেশপ্রেমিক তরুণদের জাগিয়ে তোলার হেমিলিওনের বাঁশিওয়ালা। আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক এবং কৃষক, শ্রমিক, আলেম-ওলামা ও দিনমজুরের চোখের জলের প্রতীক ছিলেন তিনি।

মাদানি আরও বলেন, হাদি ছিলেন শত্রুর সঙ্গেও ইনসাফের গল্প বলা হার না-মানা তারুণ্যের প্রতীক এবং নিরীহ মানুষের ওপর জুলুম দেখে বিদ্রোহে ফেটে পড়া এক মহাকাব্যিক কবি। অথচ যে মানুষটি একসময় নুরের নিজের দুর্দিনেও তার পক্ষে প্রতিবাদ করেছিলেন, আজ তার মৃত্যুর পর তার কবরের জায়গা নিয়ে প্রশ্ন তোলা চরম অকৃতজ্ঞতা বলে মন্তব্য করেন এই ইসলামী বক্তা।

প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে উদ্দেশ্য করে মাদানি বলেন, আঘাত পেয়ে মানুষের ভালোবাসা পেয়ে উঁচুতে উঠলেও ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ তিনি আবোলতাবোল বলছেন। একসময় মানুষ নুরকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবলেও বর্তমানে তার রাজনৈতিক অবস্থান এবং দলের লোকদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

মাদানি অভিযোগ করেন, জনরোষের ভয়ে বিএনপিতে ঘাপটি মেরে থাকা ব্যক্তিরা কৌশলে নুর ও রাশেদকে ব্যবহার করছেন। টাকা ও ক্ষমতার লোভে এ ধরনের স্পর্শকাতর মন্তব্য করে তারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারের মারাত্মক ঝুঁকি তৈরি করছেন বলেও সতর্ক করেন তিনি।

পোস্টের শেষাংশে মাদানি বলেন, ক্ষমতা ও অর্থ সাময়িক হলেও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে মানুষের জন্য রাজপথে দাঁড়িয়ে জীবন বাজি রাখতে হয়। হাদি নিজের জীবন দিয়ে সেই ভালোবাসা অর্জন করলেও ক্ষমতার মোহে পড়ে নুর সেই ভালোবাসা হারাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

 

 

ইত্তেফাক/এএম