চট্টগ্রামের পটিয়া উপজেলায় সিএনজি অটোরিকশায় তুলে অভিনব কায়দায় দিনেদুপুরে গরু চুরি করার সময় দুই নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চুরি যাওয়া গরুটি এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা সম্ভব হলেও চক্রের অন্য দুই পুরুষ সদস্য পালিয়ে যায়।
রবিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এই ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে চারজনের একটি চক্র সিএনজি অটোরিকশা নিয়ে ধলঘাট সেনপাড়া এলাকায় ঢোকে। সেখানে স্থানীয় নুরুল চৌধুরীর একটি গরু অভিনব কায়দায় অটোরিকশায় তুলে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহ জাগে। পরে স্থানীয় কজন যুবক মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করেন।
ধাওয়ার একপর্যায়ে দক্ষিণ ভূর্ষি রেলগেইট এলাকায় স্থানীয় জনতা অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুই পুরুষ সদস্য চম্পট দিলেও হাতেনাতে আটক হন চক্রের দুই নারী সদস্য। পরে উত্তেজিত জনতা উদ্ধারকৃত গরু ও সিএনজি অটোরিকশাসহ তাদের পুলিশে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শী মো: রিফাত জানান, "সাম্প্রতিক সময়ে ধলঘাট এলাকায় গরু চুরির উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। রবিবার দুপুরে নুরুল চৌধুরীর গরু সিএনজিতে তুলে চম্পট দেওয়ার সময় আমরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করি। দুই পুরুষ পালিয়ে গেলেও দুই নারীকে আমরা হাতেনাতে ধরে ফেলেছি।"
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, "সিএনজি অটোরিকশায় করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই নারীকে আটক করার বিষয়টি লোকজন জানান। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গরু ও অটোরিকশাসহ দুই নারীকে আটক করেছে। তবে এ সময় সুযোগ বুঝে দুই পুরুষ সদস্য পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
