১৯৬টি পার্কিং স্পেস কিনে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন এক চীনা নারী

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২০:১১

কেউ গাড়ি কেনেন, কেউ কেনেন বাড়ি। কিন্তু চীনের এক নারী কিনেছেন একটি আবাসিক এলাকার ১৯৬টি পার্কিং স্পেস। শুরুতে সেগুলো ভাড়া দিলেও কয়েক বছর পর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া দ্বিগুণ করেন তিনি। পাশাপাশি চড়া দামে পার্কিং স্পেসগুলো বিক্রিও শুরু করেন।

তার এই একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে ক্ষুব্ধ বাসিন্দারা আদালতের দ্বারস্থ হন। তবে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন ওই নারী।

এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশের চাংশা শহরের একটি আবাসিক এলাকায়। সাউথ চায়না মর্নিং পোস্ট ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ২০১৮ সালে আবাসন প্রকল্পটি যখন উন্মুক্ত করা হয়েছিল, তখন দোকানপাট, স্কুল ও পাবলিক ট্রান্সপোর্টের মতো মৌলিক সুবিধা না থাকায় অনেকেই সেখানে অ্যাপার্টমেন্ট বা পার্কিং স্পেস কিনতে আগ্রহ দেখাননি।

তবে স্থানীয় কর্তৃপক্ষের আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা ভালো করে পর্যালোচনার পর উ নামের ওই নারী এতে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখতে পান। তীব্র আর্থিক সংকটে থাকা ডেভেলপারের কাছ থেকে তিনি একাই ১ কোটি ৪০ লাখ ইউয়ান (প্রায় ২০ কোটি টাকা) দিয়ে ১৯৯টি পার্কিং স্পেসের মধ্যে ১৯৬টি কিনে নেন।

কয়েক বছরের মধ্যেই উ-এর অনুমান সত্যি প্রমাণিত হয়। এলাকাটির দ্রুত উন্নতি হলে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে পার্কিংয়ের চাহিদা চরম রূপ নেয়। সুযোগ বুঝে উ অবৈধ ব্যবহার রুখতে নিজস্ব লক বসান এবং প্রতি মাসে ৭৫ ডলার (প্রায় সাড়ে ৯ হাজার টাকা) হারে ভাড়া দেওয়া শুরু করেন—যা ২০১৮ সালের নির্ধারিত ভাড়ার দ্বিগুণ। এ ছাড়া পার্কিং স্পেসগুলো মূল দামের চেয়ে ৮০ শতাংশ পর্যন্ত বেশি দামে বিক্রির উদ্দেশে উন্মুক্ত করেন।

পার্কিং না পেয়ে অতিষ্ঠ ও ক্ষুব্ধ বাসিন্দারা নির্ধারিত মূল্যে ভাড়া বা বিক্রি করার দাবি জানান। সরকারি মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হলে বাসিন্দারা এক জোট হয়ে উ-এর বিরুদ্ধে আদালতে রিট দায়ের করেন। তাঁদের যুক্তি ছিল, পার্কিং আবাসিক সুবিধার একটি অপরিহার্য অংশ এবং ব্যক্তিগত মুনাফার জন্য একজন তা একচেটিয়া দখল করতে পারেন না।

তবে শুনানি শেষে স্থানীয় আদালত উ-এর পক্ষেই রায় দেন। বিচারক পর্যবেক্ষণে বলেন, ডেভেলপার যখন পার্কিং স্পেসগুলো বিক্রি করতে চেয়েছিল, তখন সব বাসিন্দারই তা কেনার সুযোগ ছিল; কিন্তু তাঁরা তা নেননি। অন্যদিকে উ ঝুঁকির মুখে নিজের জমানো টাকা নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তা ছাড়া চীনা আইনে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পার্কিং স্পেসের মালিক হতে পারবেন, সে বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, ফলে এই ক্রয় সম্পূর্ণ বৈধ।

ইত্তেফাক/আরএইচ