দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০০:৩৮

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যে কোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব। 

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালে তাদের বন্ধুত্বের উদাহরণ দেখা গেছে। এছাড়া, ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে আওয়ামী লীগ ও জামায়াত দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল।

তিনি আরও বলেন, সরকারের ছয় মাসে লং মার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও জনগণ তা গ্রহণ করেনি।

এর আগে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খাঁন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএস