ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস

শেষ ওভারে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ভারত চ্যাম্পিয়নসের বিপক্ষে আগে ব্যাট করে মাঝারি সংগ্রহ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহীর দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। 

রোববার (১১ অক্টোনবর) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ৩০ রান। তবে ইমরুল কায়েসের বিদায়ের পর সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান রনি তালুকদার। মাত্র ২৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পরে নাসির হোসেনের ২১ বলে ২৪ এবং আরাফাত সানির ৩৮ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পীযুষ চাওলা।

১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত চ্যাম্পিয়নস। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুত উইকেট হারাতে থাকে যুবরাজ সিংয়ের দল। মাত্র ৫৫ রানেই পাঁচ ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে তারা।

ঋষি ধাওয়ান ২৪ রান করে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন। শেষদিকে পবন নেগি ও পীযুষ চাওলার আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। তাতে ম্যাচে ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছিল ভারতের। তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে সেই শঙ্কা দূর করেন বাংলাদেশের বোলাররা।

ভারতের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় আঘাতটি হানেন এনামুল হক জুনিয়র। চার উইকেট নিয়ে প্রতিপক্ষের রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান তিনি। অন্য প্রান্তে আবু জায়েদ রাহী ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। কোনো বাউন্ডারি না দিয়ে বোলিং করে ভারতকে চাপে রাখেন এই পেসার।

এতেই ৩ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ চ্যাম্পিয়নস। ভারতের বিপক্ষে এই জয় শুধু পয়েন্টের হিসাবেই গুরুত্বপূর্ণ নয়, আসরে নিজেদের প্রথম জয় পাওয়ায় দলটির আত্মবিশ্বাসও বাড়বে।

ইত্তেফাক/জেডএইচ