বেলুচিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩, আহত ৩০

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮
পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি জেলায় এন-৬৫ জাতীয় মহাসড়কে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি। রোববার (১১ অক্টোবর) মহাসড়কটির মাচ ও ধাদর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কোয়েটা-সিবি-সুক্কুর সংযোগকারী এই মহাসড়কে ঘটা প্রথম দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। মাচ এলাকার পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) আকবর বুগতি জানান, কোয়েটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে জমিদার হোটেলের কাছে প্রথমে দুটি মাজদা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকগুলোর একটিতে যাযাবর পরিবারের সদস্যরা ছিলেন। ঠিক তখনই কোয়েটা থেকে সিবীগামী একটি যাত্রীবাহী ভ্যান এসে সেগুলোকে সজোরে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে গভীর খাদে পড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৯ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। বেলুচিস্তান ফ্রন্টিয়ার কোর ও স্থানীয় প্রশাসনের কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের প্রথমে মাচ সিভিল হাসপাতালে নেওয়া হয় এবং পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তর করা হয়।

অন্যদিকে, একই মহাসড়কের ধাদর এলাকার দারবি নামক স্থানে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। ধাদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইরশাদ আলী জানান, কোয়েটা থেকে সিবীগামী একটি ছোট অল্টো মেহরান প্রাইভেট কারের সঙ্গে একটি মাজদা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারে থাকা একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের সন্তানসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন আহত হন। হতাহতদের ধাদর সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সুত্র: বেলুচিস্তান পালস
 
 
ইত্তেফাক/আইএ