রাহুলসহ বিরোধী নেতাদের সাক্ষাতের প্রস্তাব নাকচ ভারতের প্রধান বিচারপতির

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:৫০

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধ নাকচ করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সোমবার (১২ অক্টোবর) বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আলোচনা কেন অনুপযুক্ত হবে, তার বিস্তারিত কারণ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অবগত ব্যক্তিরা সংবাদমাধ্যমকে জানান, প্রধান বিচারপতির এই সিদ্ধান্তের পেছনে মূল কারণগুলোর একটি হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারিক এখতিয়ারে সংশ্লিষ্ট বিষয়গুলো বিচারাধীন থাকা। এ ছাড়া এসব বিষয়সংক্রান্ত রিট পিটিশনে প্রধান বিচারপতির নিজস্ব বিচারিক ভূমিকা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত আসে।

খাড়গে জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়ন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত মামলাগুলোর দ্রুত শুনানি এবং নির্বাচন কমিশনের নিয়োগ সুপারিশকারী কমিটির গঠনপ্রণালীসহ বেশ কিছু বিষয় উত্থাপন করার পরিকল্পনা ছিল বিরোধীদের।

এদিকে সোমবার দিল্লিতে মহাবিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই বিক্ষোভে যোগ দিতে জোটের অংশ বিভিন্ন দলের শীর্ষ নেতারা দিল্লিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

উত্তপ্ত পরিস্থিতির মুখে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জোট নেতাদের তথ্যমতে, রাজধানীজুড়ে ৩০ হাজারের বেশি পুলিশ এবং সাত হাজারেরও বেশি আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গত শনিবারই বিক্ষোভের চেষ্টা করা প্রায় তিন হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। বিরোধীরা এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব দমনপীড়ন’ হিসেবে আখ্যা দিয়ে দীর্ঘমেয়াদি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 
ইত্তেফাক/এসএইচ