নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৮

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তার সময় পাওয়া যাবে।

উদ্বোধনের তারিখ সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তার সময় অনুযায়ী উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।

কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা সভায় উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সম্ভাব্য গন্তব্য নির্ধারণ করা হবে।

 

 

 
ইত্তেফাক/এসএ