ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে বৈষম্যমূলক, অপমানজনক ও দ্বিচারিতাপূর্ণ আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) ক্লাসে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তারা এ প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া এবং একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাদের ‘গে’ ও ‘গরিব’ বলে মন্তব্য করেন ওই শিক্ষক। এসব আচরণের প্রতিবাদে তারা লাল কার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে বৈষম্য, অপমান ও হয়রানির পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যবহৃত স্লোগান ছিল, ‘রেড কার্ড টু রেসিস্ট, ক্লাসিস্ট অ্যান্ড হিপোক্রিট’ এবং ‘রেড কার্ড টু দোজ হু সাপোর্ট ডিসক্রিমিনেশন, হিউমিলিয়েশন অ্যান্ড বুলিং’। অর্থাৎ বর্ণবাদী, শ্রেণিবিদ্বেষী ও দ্বিচারিতাপূর্ণ আচরণ এবং বৈষম্য, অপমান ও হয়রানির সমর্থকদের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আজ ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমে তাসনিম সিরাজ মাহবুবের অন্যায়, বর্ণবাদী, বৈষম্যমূলক আচরণ এবং দ্বিচারিতার বিরুদ্ধে মুখে কালো কাপড় পরিধান করে এবং লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায়। একই সঙ্গে তারা অন্যায়ের সমর্থকদের প্রতিও ঘৃণা ব্যক্ত করেন।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি শ্রেণিকক্ষে নিকাব পরিহিত এক ছাত্রীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।
