শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার অভিযানে ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর হামলার চেষ্টা এবং এক নারী পোশাক শ্রমিকের গলায় ছুরি ধরার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে আন্তজেলা ডাকাত চক্রটির সন্ধান পায় পুলিশ। ওই মামলার সূত্র ধরে ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত শাওনের অবস্থান শনাক্তের পর তাকে আটক করতে যৌথ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ইয়ারপুরের জামগড়া এলাকায় মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকতেন আটক ব্যক্তিরা। অভিযান শুরুর পর পুলিশ বাড়িটি ঘেরাও করলে ভেতরে থাকা ব্যক্তিরা বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন তারা। পালানোর জন্য ঘরের তিন থেকে চারটি দরজা ভেঙে বাধা সৃষ্টির চেষ্টা করে ডাকাতরা। পরে একাধিক পুলিশ দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। এসময় তাদের কবলে থাকা এক নারী পোশাক শ্রমিককে উদ্ধারের কথা জানান অভিযান সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশকে জানিয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী, জিরাবো ও কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তবে আটক অন্য ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
