বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো প্রস্তাবে সংস্থা দুটির প্রধান আলেক্সান্ডার সেফেরিন ও ভিক্টর মন্টাগলিয়ানি সদস্য দেশগুলোর জন্য ফিফার তহবিল থেকে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন।
প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। পাশাপাশি ছয়টি মহাদেশীয় কনফেডারেশন পাবে ৩ কোটি ৬০ লাখ ডলার করে। আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর জন্যও ৩০ লাখ ডলার করে বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, এই অর্থ বিতরণের পরও ফিফার হাতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ থাকবে।
ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা নিয়েও আপত্তি তুলেছেন উয়েফা ও কনকাকাফের প্রধানেরা। ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রি করে অর্থ সংগ্রহের প্রস্তাব রয়েছে। দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনো সদস্য দেশগুলোকে বাড়তি অর্থ দেওয়ার কথা বললেও সেই অর্থ পেতে তার প্রস্তাবিত পরিকল্পনার প্রতি সমর্থন দেওয়ার শর্ত ছিল।
ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই এ ধরনের পরিকল্পনা নেওয়ার সমালোচনা করেছেন দুই কনফেডারেশনপ্রধান। তাদের মতে, ফিফার বর্তমান আর্থিক সক্ষমতা ব্যবহার করেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বাড়তি সহায়তা দেওয়া সম্ভব। এ জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার প্রয়োজন নেই।
আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে সদস্য দেশগুলোর জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব এবং সংস্থাটির আর্থিক অবস্থার বিষয়টি আলোচনায় আসার কথা রয়েছে। ইনফান্তিনোও সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত কত অর্থ বরাদ্দ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ফিফার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য নতুন কোম্পানি গঠনের পরিকল্পনাটি জাতীয় সংস্থাগুলোর বিরোধিতার মুখে চার দিনের মধ্যে বাতিল করা হয়। ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
