চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণের ঘুস নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
রোববার (১১) রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা যায়।
জেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। সরকারি দায়িত্বে থেকে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) শুভ চন্দ্র বর্মণের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার লক্ষ্যে অভিযোগের বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে ঝটিকা অভিযান ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতনতার জন্য ভূমি অফিসগুলোতে বার্তাও পাঠানো হয়েছে।
