দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩০

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে আলজেরিয়া থেকে সার আমদানিসহ সংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন, যা মোকাবিলায় যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি আলজেরিয়ার বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাতকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। তিনি জানান, জ্বালানি, ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক বিনিময় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ আলজেরিয়া।

ইত্তেফাক/এনএন