হাজার গোলের আরও কাছে রোনালদো, আল নাসরের দাপুটে জয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩

এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন এই পর্তুগিজ মহাতারকা। 

সোমবার (১২ অক্টোবর) রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে আল নাসর। প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এটি সৌদি ক্লাবটির প্রথম জয়। কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আল নাসর। 

ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় আল নাসর। নাওয়াফ বৌশালের পাস থেকে গোল করেন অ্যাঞ্জেলো। তার শটে পরাস্ত হন ফারগোনার গোলকিপার বোতিরালি এরগাশেভ।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আইমান ইয়াহিয়ার পাস থেকে বল জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮১। অর্থাৎ, ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৯ গোল প্রয়োজন তার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ফারগোনা। আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিতও দিয়েছিল উজবেকিস্তানের দলটি। কিন্তু আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে সেই আশা ধাক্কা খায়। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ইত্তেফাক/জেডএইচ