সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩ জেলেকে অপহরণের অভিযোগ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৪২

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু জিয়া বাহিনীর বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় চার জেলেকে অপহরণ করা হয়। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাকি তিন জেলেকে মুক্তি দিতে দেড় লাখ টাকা দাবি করা হয়েছে।

মুক্তি পাওয়া জেলের নাম খোকা গাজী (৩২)। তিনি গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের রুস্তুম গাজীর ছেলে। মঙ্গলবার ভোর ৬টার দিকে অন্য একটি জেলে নৌকায় করে তিনি বাড়িতে ফেরেন।

অপহৃত তিন জেলে হলেন—একই গ্রামের হযরত পাড়ের ছেলে মাছুম পাড় (৩০), কেনা শেখের ছেলে আহম্মদ শেখ (২৫) ও সাইদুল গাজীর ছেলে শহিদ গাজী (২৫)।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় আবিয়ার গাজী জানান, পাঁচ দিন আগে বুড়িগোয়ালিনী বন কার্যালয় থেকে মাছ ধরার অনুমতি নিয়ে চার জেলে সুন্দরবনে প্রবেশ করেন। একপর্যায়ে বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় রাত ৯টার দিকে অস্ত্রধারী বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করেন। পরে পারিবারিক দেনদরবারের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে খোকা গাজীকে ছেড়ে দেওয়া হয়। বাকি তিন জেলেকে মুক্তি দিতে দেড় লাখ টাকা দাবি করেছে বনদস্যুরা। টাকা না দিলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি