এক শিয়ালের কামড়ে আহত ২৭, দুজনের অবস্থা গুরুতর

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২২:১৮

হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে একটি শিয়ালের আকস্মিক আক্রমণে নারী, পুরুষ ও কিশোরসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি বুনো শিয়াল হঠাৎ লোকালয়ে প্রবেশ করে সামনে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে তিনটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একের পর এক মানুষ শিয়ালের কামড়ে রক্তাক্ত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলেন এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, সোমবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত মোট ২৭ জন ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের প্রয়োজনীয় প্রতিষেধক ও সেবা দেওয়া হয়েছে। তবে দুজনের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে তাদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনএন