ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে সরানো হলো ডান ফুসফুসের একাংশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭

পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ সরিয়ে ফেলেছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের সময় নেওয়া টিস্যুর পরীক্ষায় ফুসফুসের ক্যান্সার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, পোপের ফুসফুসে অ্যাডেনোকারসিনোমা নামের ক্যান্সার শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যান্সারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের আগে করা বিভিন্ন পরীক্ষায় চিকিৎসকেরা ক্যান্সারের সন্দেহ করেছিলেন। পরে অস্ত্রোপচারের সময় টিস্যু পরীক্ষায় তা নিশ্চিত হয়।

সাম্প্রতিক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক বৃদ্ধি শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার তাকে রোমের আগোস্তিনো জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।

পোপের প্রধান শল্যচিকিৎসক স্তেফানো মার্গারিতোরা ও ব্যক্তিগত চিকিৎসক লুইজি কারবোনে জানান, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয়। এতে কোনো জটিলতা দেখা দেয়নি। ক্যান্সার আক্রান্ত টিস্যু সম্পূর্ণ অপসারণের লক্ষ্যে ভিডিও-সহায়তাপ্রযুক্তি ব্যবহার করে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ সরিয়ে ফেলা হয়েছে।

মানুষের ফুসফুসে মোট পাঁচটি লোব বা খণ্ড থাকে। এর মধ্যে ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুটি লোব রয়েছে।

তবে পোপের ক্যান্সার কোন পর্যায়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নিশ্চিত হতে টিউমারের আকার এবং ক্যান্সার লসিকাগ্রন্থিতে ছড়িয়েছে কি না, তা জানা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যান্সার বিশেষজ্ঞ ও মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অনকোলজি বিভাগের প্রধান স্টিফেন লিউ রয়টার্সকে বলেন, ক্যান্সারের ধরন জানা গেলেও এর পর্যায় এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোগীর ভবিষ্যৎ অবস্থা ও চিকিৎসা নির্ধারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ক্যান্সারটি ছোট হলে এবং লসিকাগ্রন্থিতে ছড়িয়ে না পড়লে অস্ত্রোপচারের মাধ্যমেই রোগটি নিরাময় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত পরীক্ষায় ক্যান্সারের বিস্তার বেশি পাওয়া গেলে রোগীর সুস্থতার পূর্বাভাস তুলনামূলক খারাপ হতে পারে।

অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান এবং পরে হাসপাতালের কক্ষে ফিরে বিশ্রাম নেন বলে ভ্যাটিকানের চিকিৎসা বুলেটিনে জানানো হয়েছে।

এর আগে ভ্যাটিকান জানিয়েছিল, অস্ত্রোপচারের পর পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। এ ছাড়া ২০ অক্টোবর পর্যন্ত তার সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।

৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিও ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। তার জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৫৫ সালে। পোপ হওয়ার আগে তিনি দীর্ঘদিন পেরুতে ধর্মযাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন।

আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের কথা রয়েছে তার। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে সফরটি অনুষ্ঠিত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়া লিওর আগে সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সিস একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

সূত্র: রয়টার্স 

ইত্তেফাক/এসজে