টানা ৬ দিন বন্ধ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) থেকে চালু হয়েছে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল। দাবিকৃত চাঁদা না পেয়ে আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা।
পরে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চালাতে সম্মত হন পরিবহন শ্রমিকেরা।
বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস ও বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটা ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে যাত্রীবাহী বাস চালাতে রাজি হয়েছি।’
মো. নুরুল আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে এসকর্টের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ‘জনভোগান্তির কথা চিন্তা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।’
এদিকে বাস চালকরা জানান, অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের বাস চালাতে হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে এই ঝুঁকি আরও অনেক বেড়ে যাচ্ছে। তবে নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
