কুড়িগ্রাম সদর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার আলী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভনকে বুধবার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার আড়াজী পলাশবাগী এলাকা থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে ফেরার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এ অবস্থায় মঙ্গলবার রাতে তাঁকে নিতে বগুড়ার ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন বাড়িতে আসেন।
বিষয়টি টের পেয়ে শোভন ঘরের ভেতরে তার মা পারুল বেগমকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ছেলেকে থামাতে এগিয়ে এলে বাবা সরদার আলীকেও ছুরিকাঘাত করেন শোভন। পরে তিনি পালিয়ে যান। গুরুতর আহত সরদার আলীকে হাসপাতালে নেওয়া হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
