টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর পর যোগ দিলো বিজিবি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:১০

গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। পাশাপাশি আগুন নেভানোর কাজে সহায়তা করতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। একইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে এবার যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আশপাশের অন্যান্য স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামাল বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে, একইদিন সকাল সোয়া ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার পাশাপাশি পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আগুনের কারণ, হতাহতের সম্ভাব্য সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ইত্তেফাক/এনটিএম