মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে অধীর হয়ে আছে ইরান: আইআরজিসি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:১০

মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য ইরান অধীর আগ্রহে অপেক্ষা করছে। বুধবার (১৪ অক্টোবর) ইরানের ইসলামিক রিভোলিউশন গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালাই ওজমাই-এর এক সাক্ষাৎকারের বরাতে তাসনিম নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে।

রিয়ার অ্যাডমিরাল অ্যালাই ওজমাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আমেরিকানরা যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ, তবে তাদের আরও কাছাকাছি আসা উচিত। হরমুজ প্রণালির কাছে মার্কিন সামরিক জলযান পৌঁছানোমাত্রই তা ধ্বংস করতে তারা প্রহর গুনছেন বলে জানান।

আইআরজিসি নৌকমান্ডার আরও জানান, ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে এবং সেটি হরমুজ প্রণালির কাছে ভেড়ার সাহস না পেয়ে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান নিতে বাধ্য হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক সহযোগীরা একটি ‘মিডিয়া ব্ল্যাকআউট’ বা সংবাদ সেন্সরশিপ আরোপ করেছে বলে অভিযোগ তোলেন ওজমাই। তার দাবি, আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে, শাস্তি দেওয়া হচ্ছে, সেই সত্য গোপন করতেই বিশ্ববাসীর কাছ থেকে তথ্য চেপে রাখা হচ্ছে।

সংবাদ সেন্সরশিপের জবাব হিসেবে নিয়ম ভঙ্গকারী জলযানের ওপর শাস্তিমূলক ব্যবস্থার দুটি ভিডিও ফুটেজ আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

ইত্তেফাক/টিএইচ