দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৪:৪২

দেশের বিভিন্ন খাতের অর্থ লুটপাট করে পরাজিত ফ্যাসিবাদীদের দোসররা বিলাসবহুল জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করে তারা বাংলাদেশের ক্ষতিসাধন ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্দোলন-সংগ্রামে জুলুম-নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের দোসররা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার মধ্য দিয়ে দেশের মর্যাদাকেই ক্ষুণ্ন করেছেন।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের মধ্যে নগদ অর্থ, ঘর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 
ইত্তেফাক/এমএএম