হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:০৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

 
ইত্তেফাক/এমএএম