যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে, ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় অতীতে দেশটি থেকে বাংলাদেশ তেমন কোনো সহায়তা পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ‘ঋণ ব্যবস্থাপনা, দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্কের অগ্রগতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের জন্য আরও সহায়তা প্রত্যাশা করছে সরকার।’
আমির খসরু আরও বলেন, ‘অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক এগিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে যুক্তরাষ্ট্রের আরও সহায়তা পাওয়া উচিত।’
বুধবার সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সহযোগিতা করবে।
তিনি বলেন, ‘আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সবাই একমত হয়েছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার।’
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতও বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। তারা মনে করছে, বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। এ কারণে বিশ্বব্যাংক, আইএমএফ ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতা পাওয়ার বিষয়ে নিশ্চয়তা পাওয়া যাবে।’
