রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার মামলায় জামিন শুনানিতে হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪৪

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ও মারজিয়া খন্দকার রিমির জামিন শুনানিতে আইনজীবীদের দুই পক্ষের ভেতর হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতির একপর্যায়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আসামিপক্ষের আইনজীবী আল মোহসিন তৌহিদ রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের হুমকি দিয়ে তাদের দিকে তেড়ে যান। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। পরে বিচারক এজলাস ত্যাগ করেন।

পরে ৪টা ৪৪ মিনিটে পরিস্থিতি শান্ত হলে বিচারক এজলাসে আসেন। সংক্ষিপ্ত শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 
ইত্তেফাক/এমএস