সার সংকট নিয়ে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনকে দায়ী করলেন প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২০:০১

সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের লোকজনের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন এই সংকট তৈরি করে থাকতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম জানান, উত্তরাধিকার সূত্রে তারা যেসব সার ডিলার পেয়েছেন, তাদের নিয়োগ দেয়া হয়েছিল স্বৈরাচারী সরকারের আমলে। ডিলারদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্টার নিউজের এক সাংবাদিক।

পরে প্রতিমন্ত্রী প্রস্তাবিত সেতু নির্মাণের দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএ