এক ওভারে ৫ উইকেট, আল-আমিনের বিরল কীর্তির পাশে এবার লিকক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২০:৩০

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। চার ছক্কার এই মারকুটে সংস্করণে এক ওভারে পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরানো অসম্ভব বললেও ভুল হবে না। প্রতিনিয়ত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জোয়ার চললেও আল-আমিনের গড়া এই রেকর্ডটি ক্রিকেট ইতিহাসের অন্যতম বিরল ও অনন্য নজির হিসেবে টিকে আছে।

এবার এক ওভারে ৫ উইকেট নেওয়ার সেই বিরল কীর্তিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লিকক। সিএসএ প্রো-২০ কাপে কাল টাইটানসের বিপক্ষে এই কীর্তি গড়েছেন নাটাল-ইনল্যান্ডের এই পেসার।

পিটারমারিৎসবার্গে ম্যাচটিতে লিকক শেষ পর্যন্ত পেয়েছেন ২৬ রানে ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার পথে তিনি গড়েছেন টানা চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ডও।

লিকক রেকর্ডটি গড়েছেন টাইটানসের ইনিংসের ১৯তম ওভারে। প্রথম বলে লেউস দু প্লয়িকে ফিরিয়ে শুরু। দ্বিতীয় বলে অবশ্য উইকেট পাননি। তবে তৃতীয় থেকে ষষ্ঠ-এই টানা চার বলে আউট করেন দাইয়ান গালিয়েম, আফিউয়ে মান্যান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে। তাতেই ৪ উইকেটে ১৯৩ রান থেকে ২০৪ রানেই শেষ হয়ে যায় টাইটানসের ইনিংস।

এমন রেকর্ড গড়েও অবশ্য ম্যাচ জেতা হয়নি লিককের দলের। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৩ রানেই থামে নাটাল-ইনল্যান্ড।

পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় লিকক চতুর্থ। তার আগে এই কীর্তি গড়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন, ভারতের অভিমন্যু মিথুন ও ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা।

২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে নারী টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন প্রিয়ান্দানা। নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনিই একমাত্র বোলার, যার এই কীর্তি আছে।

২০১৩ সালে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে প্রথম এই কীর্তি গড়েন আল-আমিন।

এরপর ২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে এক ওভারে ৫ উইকেট নেন মিথুন। এবার সেই বিরল তালিকায় যুক্ত হলো লিককের নামও।

ইত্তেফাক/এসএইচ