টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় ময়মনসিংহের আকুয়া বাইপাসে এসআরবি-১৪-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এ ঘটনায় মো. বারেক ব্যাপারী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোলই এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি জানায়, বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানার পূর্ব গোলচত্বর-সংলগ্ন সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী লেনে বিশেষ তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিয়াজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এক যাত্রীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে ওই যাত্রীর দেখানো মতে বাসের বক্সে থাকা তার ব্যক্তিগত মালামালের মধ্যে একটি পুরোনো ভাঙা হারমোনিয়ামের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড সচল গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় পাবনা জেলার বাসিন্দা মো. বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র দুটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার সকাল ৭টায় মুন্সীগঞ্জ সদর থানার শিরোলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। সেখান থেকে সুজন বেপারী ও তার বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থ অস্ত্র বিক্রির বলে জানিয়েছে সংস্থাটি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুই অভিযানে মোট তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড সচল গুলি, চারটি ম্যাগাজিন, তিনটি স্মার্টফোন এবং নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা জেলার মো. বারেক ব্যাপারী (৪৯), মুন্সীগঞ্জের সুজন হোসেন বেপারী (৩২) এবং মনির হোসেন (৪৫)।
এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা জানান, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্ব পালনের অংশ হিসেবে টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা যমুনা সেতু পূর্ব এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটিতে তল্লাশি চালান। এ সময় যাত্রীর সঙ্গে থাকা হারমোনিয়ামের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বারেকের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর সদস্যরা মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও অস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং নগদ অর্থ উদ্ধার করেন। এ ঘটনায় টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এবং মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। অস্ত্রের উৎস, সরবরাহের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি এবং এর গন্তব্য সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে মামলার তদন্তের অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
এসআরবি জানিয়েছে, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসবাদ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
