ইরানের হাতে আরও উন্নত অস্ত্র

  • ইরানের ওপর এই মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক হবে না : নেতানিয়াহু
  • যুক্তরাজ্যে হামলার চেষ্টা চালাচ্ছে ইরান : অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১

ইরানের অস্ত্রভান্ডারে আরও উন্নত অস্ত্র যুক্ত হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, '৪০ দিনের যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা আরও বেড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। এদিকে ইরানের ওপর এই মুহূর্তে হামলা চালানো সুবিধাজনক হবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান যুক্তরাজ্যে হামলার চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক বার্তা দিয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা।

আইআরজিসির মুখপাত্র মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হবে ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত। তবে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার দাবি, মধ্যবর্তী নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক সাফল্য দেখানোর প্রয়োজন থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে আগের চেয়ে আরও শক্তিশালী জবাব দেবে তেহরান। তবে ইরানের অস্ত্রভান্ডারে ঠিক কী ধরনের উন্নত অস্ত্র সংযুক্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আইআরজিসির ঐ মুখপাত্র।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চালাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার এমন তথ্য জানায় ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, এ মুহূর্তে ইরানের ওপর হামলা চালানো সুবিধাজনক নয়। তবে কেন সুবিধাজনক নয়, সেটি তিনি উল্লেখ করেননি। আগামী ২৭ অক্টোবর ইসরাইলে জাতীয় পার্লামেন্ট নেসেটের নির্বাচন হবে। অন্যদিকে ৪ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। চ্যানেল-১২ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের নির্বাচন হওয়ার আগেই ইরানে আরেকবার হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু। এ প্রতিবেদন প্রকাশের পর বুধবার আর্মি রেডিওতে এসে ইঙ্গিত দিলেন, এ মুহূর্তে ইরানে হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই।

নেতানিয়াহু আর্মি রেডিওকে আরও বলেন, যদি তার দল লিকুড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে, তাহলে বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিতিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না। উগ্রপন্থি বেন গিভির নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন, লিকুড পার্টির সঙ্গে জোট করে যদি তারা আবারও ক্ষমতায় আসতে পারেন, তাহলে তাকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিতে হবে। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, বেন গিভির এ পদ পাবেন না। তিনি বলেন, বেন গিভির এ পদটি চায়। কিন্তু এ ব্যাপারে তার কোনো  সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছে ইরান। জানা গেছে, ইরান যদি টের পায় মার্কিনি ওইসরাইলিরা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে ইরানই আগে হামলা চালাবে।

অন্যদিকে যুক্তরাজ্যে সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা বাড়াচ্ছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম। সোমবার এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, গত মাসে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার একটি কথিত ষড়যন্ত্রের পেছনে ইরানের জড়িত থাকার সম্ভাবনা ‘প্রায় নিশ্চিত’। ঐ ঘাঁটি ব্যবহার করে মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালিয়েছিল।

যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের হুমকি নিয়ে বার্ষিক বক্তব্যে এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম বলেন, ফেয়ারফোর্ডের ঘটনাটি নিয়ে তদন্ত চলায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে চলতি বছরে সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে ইরানের উচ্চাকাঙ্ক্ষায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। তিনি বলেন, ফেয়ারফোর্ডের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুক্তরাজ্যের বাইরেও বিশ্বের বিভিন্ন স্থানে এ ধরনের আরও ঘটনা ঘটেছে। তবে ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।

ইত্তেফাক/এনএন